মহিলা শিক্ষার্থীদের কর্মদক্ষতা উন্নয়নে আসাম বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনের প্রশিক্ষণ

Spread the news

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : মহিলা শিক্ষার্থীদের কর্মসংস্থান যোগ্যতা, জীবনদক্ষতা ও আধুনিক যুগের প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে আসাম বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল বিভাগে শুরু হয়েছে পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মসূচি। ‘এমপ্লয়েবিলিটি স্কিলস অ্যান্ড নিউ এজ স্কিলস ফর ফিমেল স্টুডেন্টস অব অসম’ শীর্ষক এই প্রশিক্ষণ ৬ অক্টোবর থেকে শুরু হয়েছে। চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) উদ্যোগ ‘মহিন্দ্রা প্রাইড ক্লাসরুম’-এর অধীনে নন্দী ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং আসাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনস ইনোভেশন কাউন্সিল (আইআইসি) ও এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট সেন্টারের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ, অধ্যাপক দেবমাল্য ঘোষ, ড. অজিতা তিওয়ারি, অদিতি নাথ প্রমুখ।

উপাচার্য অধ্যাপক পন্থ বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতায় দক্ষ করে তোলা অত্যন্ত জরুরি। দ্রুত পরিবর্তনশীল কর্মজগতে যোগাযোগ দক্ষতা, ডিজিটাল জ্ঞান, সমালোচনামূলক চিন্তাভাবনা, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং উদ্যোগী হওয়ার দক্ষতার গুরুত্ব ক্রমশ বাড়ছে। বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্য পূরণে মহিলা শিক্ষার্থীদের দক্ষ করে তোলার এই উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

অধ্যাপক দেবমাল্য ঘোষ বলেন, কর্মসংস্থান যোগ্যতা শুধু চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; কর্মজীবনে সাফল্যের জন্য আত্মবিশ্বাস, যোগাযোগের দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং পেশাদার মনোভাবও প্রয়োজন। ড. অজিতা তিওয়ারি তরুণীদের কর্মসংস্থানযোগ্যতা ও আধুনিক যুগের দক্ষতা অর্জনের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন।

মহিন্দ্রা প্রাইড ক্লাসরুমের প্রশিক্ষক তাজির হোসেন পাঁচ দিনের কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। মোট ৪০ ঘণ্টার এই প্রশিক্ষণে যোগাযোগ দক্ষতা, সফট স্কিল, জীবনদক্ষতা, উপস্থাপনা, সাক্ষাৎকার, দলীয় আলোচনা, সমালোচনামূলক চিন্তাভাবনা ও সমস্যা সমাধান, ডিজিটাল দক্ষতা, আর্থিক সচেতনতা, কর্মজীবনের প্রস্তুতি এবং উদ্যোগী হওয়ার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *