কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : লক্ষীপুর থানা এলাকার ৩৭ নম্বর জাতীয় সড়কের লবনখালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আট মাসের অন্তঃসত্ত্বা এক মহিলার মৃত্যু হয়েছে। বুধবার এই দুর্ঘটনা ঘটে। মৃত মহিলার নাম মেরি লালহিনপুই (৩১)। তাঁর বাড়ি লবনখালে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মেরি লালহিনপুই তাঁর স্বামীর সঙ্গে স্কুটিতে করে লবনখাল থেকে ফুলেরতলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় পেছন দিক থেকে মণিপুর থেকে শিলচরগামী একটি তেলবাহী ট্যাঙ্কার বেপরোয়া গতিতে এসে তাঁদের স্কুটিতে ধাক্কা মারে। ধাক্কার জেরে অন্তঃসত্ত্বা মহিলা ছিটকে জাতীয় সড়কের উপর পড়ে যান এবং তাঁর স্বামীও রাস্তার পাশে ছিটকে পড়েন। এরপর ট্যাঙ্কারটি ফের মহিলাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় মৃতার স্বামীও আহত হন। তবে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। দুর্ঘটনার পর ট্যাঙ্কারটির চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে শিলচরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
খবর পেয়ে লক্ষীপুর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর ঘাতক গাড়িটি আটক করার জন্য বাঁশকান্দি পুলিশকে খবর দেওয়া হয়। বাঁশকান্দি থানার ইনচার্জ রিপন শুক্লবৈদ্য রাস্তায় অভিযান চালিয়ে এমএন-০১-এএ-৪১৮০ নম্বরের তেলবাহী ট্যাঙ্কারসহ চালককে আটক করতে সক্ষম হন।

এদিকে, দুর্ঘটনার প্রতিবাদে উত্তেজিত স্থানীয় জনতা কিছু সময়ের জন্য জাতীয় সড়ক অবরোধ করেন। পরে ঘাতক গাড়ি ও চালককে আটক করার খবর পেয়ে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। পরে লক্ষীপুর পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। মর্মান্তিক এই ঘটনায় মারখুলিন ও লবনখাল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



