বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পালিত ‘সেবা মাস’-এর অঙ্গ হিসেবে আগামী ৮ অক্টোবর ধলাই বিধানসভা এলাকার আমড়াঘাট মহেন্দ্র কুমার দে কলেজ প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে বিশেষ ‘সেবা সংকল্প অভিযান’। ‘জনতার দুয়ারে জনতার সরকার’ ভাবনাকে সামনে রেখে অসম সরকারের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার আমড়াঘাট মহেন্দ্র কুমার দে কলেজ পরিদর্শন করেন ধলাইয়ের বিধায়ক অমীিকান্তি দাশ। এদিন তিনি কলেজ প্রশাসনের পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গেও মতবিনিময় করেন এবং কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এই অভিযানের মূল উদ্দেশ্য হল সরকারি পরিষেবা ও জনকল্যাণমূলক প্রকল্প সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। কর্মসূচিতে অসম সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। ফলে স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে সরাসরি কথা বলে সরকারি পরিষেবা, প্রকল্প ও বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য, আবেদন ও সহায়তাও দেওয়া হবে।
ছাত্রছাত্রীদের জন্যও থাকবে বিশেষ ব্যবস্থা। ‘নিযুত ময়না’ ও ‘নিযুত বাবু’ প্রকল্পের আওতায় যোগ্য শিক্ষার্থীরা কীভাবে সুবিধা পাবেন, সে বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকরা সরাসরি তথ্য ও সহায়তা প্রদান করবেন।
এদিন রেশন কার্ড, অরুণোদয়, কৃষক সম্মান নিধি, সামাজিক সুরক্ষা ও বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সংক্রান্ত পরিষেবা ও আবেদন প্রক্রিয়ায় সহায়তা দেওয়ার ব্যবস্থা থাকবে। যোগ্য হিতাধিকারীদের সরকারি প্রকল্পের আওতায় আনার উদ্যোগও নেওয়া হবে।
অভিযানের অন্যতম আকর্ষণ হবে বিশেষ মেগা স্বাস্থ্য শিবির। বিভিন্ন বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেবেন। পাশাপাশি ECG, X-Ray-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ডায়াগনস্টিক পরিষেবা এবং বিভিন্ন বিভাগের চিকিৎসকদের পরামর্শ পাওয়া যাবে।
এদিকে, সোমবার বিধায়ক অমিকান্তি দাললয় পালংঘাট এমজি মডেল হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতাল পরিচালন সমিতির সভাপতি হিসেবে তিনি পরিচালন সমিতির সভাতেও অংশ নেন। পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম শাহা। পরে বিজেপির পালংঘাট মণ্ডল কার্যালয়ে আয়োজিত দলীয় সভাতেও অংশ নেন বিধায়ক।
অন্যদিকে, আগামী ৭ অক্টোবর শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে অসম সরকারের উদ্যোগে আয়োজিত হবে বিশেষ অনুষ্ঠান ও পবিত্র কলসযাত্রা। ধলাই বিধানসভা এলাকার বিভিন্ন স্থান থেকে প্রায় দুই শতাধিক মহিলা হাতে কলস নিয়ে এই অনুষ্ঠানে যোগ দেবেন। তাঁদের বহনকারী গাড়িগুলি গান্ধীবাগ পর্যন্ত যাবে। সেখান থেকে মহিলারা পায়ে হেঁটে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মূল অনুষ্ঠানে অংশ নেবেন।



