বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : সততার নজির গড়লেন উদয়পুরের অটোচালক আখতার হোসেন। অটোর পেছনের সিটে পড়ে থাকা এক যাত্রীর ব্যাগ উদ্ধার করে প্রায় ৮০ হাজার টাকা নগদসহ সেটি মালিকের হাতে ফিরিয়ে দিয়েছেন তিনি।
জানা গেছে, শনিবার রাতে মেলাঘরের ব্যবসায়ী রতন সূত্রধর রমেশ চৌমুহনী থেকে কাকরাবন মোটর স্ট্যান্ডে যাওয়ার জন্য একটি অটোরিকশায় উঠেছিলেন। গন্তব্যে পৌঁছানোর পর অসাবধানতাবশত অটোরিকশার পেছনের সিটে তাঁর ব্যাগটি ফেলে চলে যান তিনি। ব্যাগের ভিতরে নগদ প্রায় ৮০ হাজার টাকা-সহ গুরুত্বপূর্ণ সামগ্রী ছিল বলে জানা গেছে।
পরবর্তীতে অটোচালক আখতার হোসেন গাড়ির পেছনের সিটে ব্যাগটি দেখতে পান। ব্যাগ খুলে টাকা ও অন্যান্য সামগ্রী দেখতে পেয়ে তিনি সেটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। পরে রতন সূত্রধরের সঙ্গে যোগাযোগ করে তাঁর হারানো ব্যাগটি অক্ষত অবস্থায় ফিরিয়ে দেন আখতার।

অটোচালকের এই সততা ও মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয়রা। তাঁর এই কাজে যাত্রীর হারানো মূল্যবান সামগ্রী নিরাপদে ফিরে পাওয়ার পাশাপাশি সমাজে সততার একটি ইতিবাচক বার্তাও পৌঁছেছে।



