হাতিচড়া চা-বাগান সংলগ্ন এলাকায় মহিলাকে হেনস্তার অভিযোগ, গ্রেফতার ৩

Spread the news

বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : উধারবন্দ থানার অন্তর্গত হাতিচড়া চা-বাগান সংলগ্ন এলাকায় এক মহিলাকে হেনস্তা ও যৌন নিগ্রহের চেষ্টার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রেফতার হওয়া অভিযুক্তরা হলেন হাসিম উদ্দিন খান (২৭), মান্নান লস্কর (৩৫) এবং রেজাউল হোসেন লস্কর (২৫)। এই ঘটনায় মঞ্জুর হোসেন লস্কর নামে আরও এক অভিযুক্ত পলাতক বলে জানা গেছে।

এফআইআর অনুযায়ী, গত ৩ অক্টোবর রাতে নয় মাসের শিশুকে কোলে নিয়ে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। অভিযোগ, হাতিচড়া চা-বাগানের কাছে ২৭ নম্বর জাতীয় সড়কের উপর অভিযুক্তরা তাঁর পথ আটকায়। এরপর তাঁর সঙ্গে অশালীন আচরণ এবং হেনস্তার চেষ্টা করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

মহিলার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় হাসিম উদ্দিন খানকে স্থানীয়রা ধরে ফেলেন।

পরবর্তীতে মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ভিত্তিতে বাকি দুই অভিযুক্তকেও গ্রেফতার করা হয়। সোমবার তিন অভিযুক্তকে শিলচরের আদালতে পেশ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয় খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *