নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৫ অক্টোবর: সাধারণ মানুষের কাছে সরকারি ও পুরসভার বিভিন্ন পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সোনাই মিউনিসিপ্যাল বোর্ডের উদ্যোগে সোমবার মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হল ‘সেবা সংকল্প ক্যাম্প’। নাগরিক পরিষেবা, জনসহযোগিতা ও জনসম্পৃক্ততার ভাবনাকে সামনে রেখে আয়োজিত এই শিবিরে স্থানীয় নাগরিকদের বিভিন্ন আবেদন গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।
শিবিরে পুরসভা-সংক্রান্ত বিভিন্ন পরিষেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করা এবং পরিষেবা পেতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার ব্যবস্থা ছিল। একইসঙ্গে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, স্ক্রিনিং-সহ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবারও আয়োজন করা হয়।
একটি অভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকদের প্রয়োজনীয় পরিষেবা ও সহায়তা পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। শিবিরে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তাঁরা বিভিন্ন পরিষেবা সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আবেদন ও সহায়তা গ্রহণ করেন।

সোনাই মিউনিসিপ্যাল বোর্ডের এক্সিকিউটিভ অফিসার যুগানন্দ চেতিয়া জানান, নাগরিক পরিষেবাকে আরও সহজলভ্য, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পুরসভার পক্ষ থেকে বিভিন্ন জনমুখী কর্মসূচি গ্রহণ করা হবে বলে তিনি জানান।



