বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত ২০৪৭’ এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যজুড়ে চলা ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে কাছাড় জেলার বড়জালেঙ্গা ডেভেলপমেন্ট ব্লকের উদ্যোগে রবিবার এক বৃহৎ সেবা শিবিরের আয়োজন করা হয়। বড়জালেঙ্গা পাইওনিয়ার সংঘের আম্বেদকর ভবনে আয়োজিত এই শিবিরে বিভিন্ন সরকারি পরিষেবা পেতে ব্যাপক সংখ্যায় সাধারণ মানুষ ভিড় করেন।

শিবিরে সরকারের ১০টিরও বেশি বিভাগের কাউন্টার খোলা হয়। রেশন কার্ড, কিষান ক্রেডিট কার্ড, পিএম-কিষান, অরুণোদয়, পেনশন, জমির পাট্টা, স্বাস্থ্য পরীক্ষা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা এক ছাদের নিচে দেওয়ার ব্যবস্থা করা হয়। আয়োজকদের সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে শুরু হওয়া শিবিরে ইতিমধ্যেই প্রায় ১,৫০০ জন রেজিস্ট্রেশন করেছেন। দিনের শেষে এই সংখ্যা ৩ থেকে ৪ হাজারে পৌঁছতে পারে বলে আশা করা হচ্ছে। শিবিরটি বিকেল ৫টা পর্যন্ত চলার কথা।

স্বাস্থ্য বিভাগের কাউন্টারগুলিতে বিশেষ ভিড় লক্ষ্য করা যায়। মোট ১০টি স্বাস্থ্য কাউন্টারে ইসিজি, মেডিসিন, অর্থোপেডিকসহ বিভিন্ন পরিষেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা ও ওষুধের ব্যবস্থাও করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি, সিডিসি ধলাই কো-ডিস্ট্রিক্ট, এডিসি ধলাই মাসি তাপনো, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বুলটি দেব, সুব্রত পাল, শুভ্র নাথ, মনিশ রয়, অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার জিয়াউল হক-সহ বড়জালেঙ্গা ব্লকের বিডিও এবং বিভিন্ন দফতরের আধিকারিকরা।

সরকারি পরিষেবা হাতের নাগালে পেয়ে শিবিরে আসা সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন। বড়জালেঙ্গা ব্লকের অ্যাসিস্টেন্ট বিডিও সুব্রত পাল জানান, সরকারি পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ব্লকে ব্লকে এই ‘সেবা সংকল্প অভিযান’ চলবে।



