তেজপুরের আরআইএইচএমের সঙ্গে মউ আসাম বিশ্ববিদ্যালয়ের

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ জুলাই : মানসিক স্বাস্থ্যসেবায় দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ ও তেজপুরের লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আঞ্চলিক মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠান (এলজিবিআরআইএমএইচ)-এর মধ্যে সম্প্রতি এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ে উচ্চমানের ক্লিনিক্যাল প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা অর্জনের নতুন সুযোগ সৃষ্টি হলো।

সমঝোতা চুক্তি অনুযায়ী, প্রতি বছর সমাজকর্ম বিভাগের সর্বোচ্চ পাঁচজন শিক্ষার্থী এলজিবিআরআইএমএইচ-এ ৪৫ দিনের ক্লিনিক্যাল প্রশিক্ষণ ও ফিল্ড লেভেল কাজের সুযোগ পাবেন। প্রশিক্ষণ চলাকালীন তাঁরা মনোরোগবিদ্যা, মনোরোগ সমাজকর্ম, ক্লিনিক্যাল সাইকোলজি, মনোরোগ নার্সিং, পুনর্বাসন ও কমিউনিটি মেন্টাল হেলথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে হাতে-কলমে শিক্ষা গ্রহণ করবেন। এই প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের কোনও ফি প্রদান করতে হবে না।

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন এলজিবিআরআইএমএইচ-এর ডিরেক্টর ডা. শৈলেন্দ্র কুমার দেউরি, আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. প্রদোষ কিরণ নাথ এবং সমাজকর্ম বিভাগের প্লেসমেন্ট কো-অর্ডিনেটর ড. লালজো এস. থাংজম। সংশ্লিষ্টদের মতে, এই সমঝোতা শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও ব্যবহারিক অভিজ্ঞতা বৃদ্ধির পাশাপাশি গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং মানসিক স্বাস্থ্য খাতে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এদিকে শুক্রবার এই সমঝোতা চুক্তিপত্র উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থের হাতে তুলে দিয়েছেন সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক তরুণ বিকাশ সুকাই ও প্লেসমেন্ট সেলের কো-অর্ডিনেটর ড. লালজো এস থাংজম। সঙ্গে ছিলেন বিভাগের অন্য অধ্যাপকরাও। উপাচার্য অধ্যাপক পন্থ এই চুক্তি স্বাক্ষরের ফলে ছাত্রছাত্রীরা বিশেষ উপকৃত হবেন বলেও আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *