বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : খোয়াই শহরের ব্যস্ততম টিকেডিকে রোডে দীর্ঘদিন ধরে অবৈধ দেশি ও বিলাতি মদের রমরমা কারবার চলার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ক্ষোভে ফুঁসছিলেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, সুভাষপার্ক পুলিশ ফাঁড়ি থেকে অল্প দূরত্বেই দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মদ বিক্রি চললেও সংশ্লিষ্ট পুলিশকর্মীদের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে খোয়াই মহিলা থানার পুলিশ অভিযান চালিয়ে এই কারবারের সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে মহিলা থানার একটি বিশেষ দল টিকেডিকে রোড সংলগ্ন এলাকায় ঝটিকা অভিযান চালায়। অভিযানের সময় রঞ্জন মোদি নামে এক ব্যক্তিকে বেআইনি দেশি ও বিলাতি মদসহ হাতেনাতে আটক করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি মদ কেনাবেচা কিংবা নিজের হেফাজতে রাখার পক্ষে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি। বেআইনি মদের কারবার সম্পর্কেও সে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে ব্যর্থ হয় বলে পুলিশ জানিয়েছে।
এরপর ত্রিপুরা আবগারি আইনের ৬৯ ধারায় রঞ্জন মোদিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় প্রসিকিউশন রিপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।
এদিকে, শহরের গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘদিন ধরে পুলিশের নজর এড়িয়ে অবৈধ মদের কারবার চলার অভিযোগ সামনে আসায় সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় নাগরিকরা। তাঁদের অভিযোগ, সাধারণ মানুষের হস্তক্ষেপ এবং মহিলা থানার সক্রিয় অভিযানের ফলেই অবশেষে এই বেআইনি কারবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।



