১৭ নম্বর ওয়ার্ডে আতাউরের সমর্থনে পরিমলের নির্বাচনী জনসভা

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপির মনোনীত প্রার্থী আতাউর রহমান লস্করের সমর্থনে আয়োজিত হল দু’টি নির্বাচনী জনসভা। সভাগুলিতে উপস্থিত ছিলেন শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। রামনগরসহ ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আয়োজিত সভাগুলিতে স্থানীয় বাসিন্দা, বিশিষ্ট নাগরিক এবং দলীয় কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। তাঁদের উপস্থিতিতে নির্বাচনী প্রচার ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে উন্নয়ন, স্বচ্ছতা ও জনকল্যাণমূলক কাজের কথা তুলে ধরেন। শিলচর পুর নিগমে এই ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে বিজেপি প্রার্থীদের সমর্থন করার আহ্বান জানান তিনি। ১৭ নম্বর ওয়ার্ডের ভোটারদের উদ্দেশে পরিমল শুক্লবৈদ্য বলেন, আতাউর রহমান লস্করের সমর্থনে ভোট দিয়ে উন্নয়ন, সুশাসন ও সমৃদ্ধ শিলচর গঠনের লক্ষ্যে বিজেপির প্রচেষ্টাকে আরও শক্তিশালী করার জন্য এগিয়ে আসতে হবে।

এদিনের সভাগুলিতে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনী প্রচারে নতুন গতি সঞ্চার করেছে বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *