বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : লালার জালালপুরে আট মাসের শিশু কন্যা মীনাক্ষী দাসের মৃতদেহ পুকুর থেকে উদ্ধারের ঘটনায় শিশুটির বাবা মঙ্গলকান্তি দাসকে (২৭) আটক করেছে লালা পুলিশ। ঘটনার পর দায়ের হওয়া সুয়োমুটো মামলার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, লালা থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় মামলা নথিভুক্ত হয়েছে। মামলার নম্বর ১১১/২৬।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সকালে জালালপুর গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে আট মাসের শিশু মীনাক্ষী দাসের নিথর দেহ উদ্ধার হয়। শিশুটিকে ঘরের বিছানায় দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে শিশুটির দেহ ভেসে উঠতে দেখা যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শিশুটির বাবাকে আটক করার পর ঘটনার রহস্য আরও ঘনীভূত হয়েছে। তবে তদন্তের স্বার্থে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে চাইছে না পুলিশ।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার মঙ্গলকান্তি দাসকে গ্রেফতার করে হাইলাকান্দি আদালতে পেশ করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে তিন দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।




