দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : শিলচর পৌরনিগম নির্বাচনকে সামনে রেখে ৪০ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী শিবা দেবের নির্বাচনী প্রচারসামগ্রী ছেঁড়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তাঁর একাধিক পোস্টার, ব্যানার ও কাটআউট নষ্ট করে দেওয়া হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নির্দল প্রার্থী শিবা দেব। তাঁর অভিযোগ, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনী প্রচারসামগ্রী এভাবে নষ্ট করা অত্যন্ত নিন্দনীয়। তাঁর দাবি, সংশ্লিষ্ট এলাকায় কংগ্রেস ও বিজেপির পোস্টার অক্ষত থাকলেও তাঁর পোস্টার, ব্যানার ও কাটআউট পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলা হয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে শিবা দেব বলেন, কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খুঁজে বের করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। নির্বাচনের আগে এই ঘটনায় ৪০ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



