ড্যাফোডিলস স্কুলে কচিকাঁচাদের হাতে স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শের বাণী ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : সংস্কৃতি সপ্তাহের অঙ্গ হিসেবে শিলচরের ড্যাফোডিলস স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে স্বামী বিবেকানন্দের জীবন, দর্শন ও আদর্শভিত্তিক গ্রন্থ বিতরণ করল ভারত বিকাশ পরিষদ, দক্ষিণ শিলচর শাখা। গত ২৬ সেপ্টেম্বর শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। তরুণ প্রজন্মের মধ্যে স্বামী বিবেকানন্দের কালজয়ী চিন্তাভাবনা, জীবনদর্শন ও মানবকল্যাণের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। তাঁর জীবন ও আদর্শ নিয়ে রচিত বিভিন্ন গ্রন্থ ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। এর মাধ্যমে আত্মবিশ্বাস, শৃঙ্খলা, দেশপ্রেম, চরিত্রগঠন ও মানবিকতার মতো মূল্যবোধের চর্চায় ছাত্রছাত্রীদের উৎসাহিত করার প্রয়াস নেওয়া হয়।

আয়োজকদের মতে, এই কর্মসূচি শুধুমাত্র বই বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। স্বামী বিবেকানন্দের জীবন ও বাণীর মাধ্যমে কচিকাঁচাদের মধ্যে সাহস, আত্মমর্যাদা, মানবপ্রেম এবং সমাজের প্রতি দায়বদ্ধতার চেতনা জাগিয়ে তোলার পাশাপাশি ‘সংস্কার’ ও ‘সেবা’-র আদর্শকে সুদৃঢ় করাই ছিল এর মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানটির সমন্বয় করেন সিদ্ধার্থ শঙ্কর চক্রবর্তী। কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারত বিকাশ পরিষদ, দক্ষিণ শিলচর শাখার সম্পাদক শঙ্কর সরকার এবং বিশিষ্ট সদস্য অমলেন্দু দে সক্রিয় সহযোগিতা করেন।

শাখার সহ-সভাপতি অধ্যাপক হিমাদ্রি শেখর দাস, ডাঃ দর্শনা পাটোয়া এবং অধ্যাপক দেবতোষ চক্রবর্তী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মূল্যবোধভিত্তিক কর্মসূচি আয়োজনের আশ্বাস দেন।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় ভারত বিকাশ পরিষদ, দক্ষিণ শিলচর শাখার সভাপতি অধ্যাপক কিংশুক অধিকারী সকল সদস্য ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *