২৯ সেপ্টেম্বর ফের ৮০০ কোটি টাকা ঋণ নেবে অসম সরকার

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : আর্থিক ঘাটতি মেটাতে ফের ঋণ নেওয়ার পথে অসম সরকার। আগামী ২৯ সেপ্টেম্বর ৮০০ কোটি টাকা ঋণ নেওয়ার জন্য রাজ্যের অর্থ দফতর রিজার্ভ ব্যাঙ্কের কাছে প্রস্তাব জমা দিয়েছে বলে জানা গেছে।

উল্লেখযোগ্যভাবে, চলতি সেপ্টেম্বর মাসেই তিন দফায় মোট ২,৩০০ কোটি টাকা ঋণ নিয়েছে রাজ্য সরকার। গত ১ সেপ্টেম্বর ১,০০০ কোটি টাকা এবং ১৫ সেপ্টেম্বর দুই দফায় আরও ১,৩০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়। এর পর ফের ৮০০ কোটি টাকা ঋণ নেওয়ার উদ্যোগ ঘিরে রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহৎ পরিকাঠামো প্রকল্প, বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি এবং বিনিয়োগ বৃদ্ধির মতো ক্ষেত্রে অর্থের প্রয়োজন মেটাতেই ঋণ নেওয়া হচ্ছে। তবে নিয়মিত ঋণ নেওয়ার প্রবণতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং নাগরিক মহলে প্রশ্ন উঠেছে।

তথ্য অনুযায়ী, ২০১৬ সালের মার্চ পর্যন্ত অসম সরকারের মোট ঋণের পরিমাণ ছিল প্রায় ৪১,৯৬৪ কোটি টাকা। ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় ৮৯,৭০৯ কোটি টাকায়। পরবর্তী সময়ে ঋণের পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের মার্চে প্রায় ১,৭৭,৯৮৩ কোটি টাকায় পৌঁছেছে। ঋণের পাশাপাশি প্রতি বছর সুদ পরিশোধের চাপও বাড়ছে। ফলে রাজ্যের সামগ্রিক আর্থিক দায় এবং ভবিষ্যতে তার প্রভাব নিয়ে সচেতন মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *