যোরহাটের বিলাসবহুল হোটেলে দেহব্যবসার আসর, আটক ১৫ যুবক-যুবতী

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ জুন : সাংস্কৃতিক নগরী যোরহাটে একটি বিলাসবহুল হোটেলে দীর্ঘদিন ধরে চলা দেহব্যবসার আসরে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৭ জন যুবতী এবং ৮ জন যুবক। পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় সড়ক ৩৭-এর পাশে অবস্থিত ‘অরবিট’ নামের একটি বিলাসবহুল হোটেলে সোমবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালানো হয়। বহুদিন ধরেই হোটেলটিতে অবৈধ দেহব্যবসা চলার অভিযোগ উঠছিল। অবশেষে পুলিশের অভিযানে অভিযোগের সত্যতা সামনে আসে।

যোরহাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সোমবার রাত থেকে গভীর রাত পর্যন্ত চলা এই অভিযানে হাতেনাতে ধরা পড়েন ৭ জন যুবতী ও ৮ জন যুবক। জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের কয়েকজন কর্মচারীকেও আটক করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, তিন বছর ধরে হোটেলটিকে কেন্দ্র করে এই চক্র সক্রিয় ছিল। শুধু যোরহাট নয়, নগাঁও, কাজিরাঙা, শিবসাগরসহ বিভিন্ন এলাকায় যুবতীদের সরবরাহ করা হতো বলেও অভিযোগ রয়েছে। এক ‘পেগু’ পদবিধারী মহিলার নেতৃত্বে এই চক্র পরিচালিত হচ্ছিল বলে তদন্তে উঠে এসেছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী যুবতী ও বিবাহিত মহিলাদেরও সরবরাহ করা হতো বলে অভিযোগ।

ঘটনা প্রসঙ্গে যোরহাট জেলা অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক কুমার যাদব জানান, “নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ জন যুবতী ও ৮ জন যুবককে আটক করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং আদালতে সমস্ত প্রমাণ পেশ করা হবে।”

পুলিশ হোটেলটির বিভিন্ন অংশ থেকে একাধিক আপত্তিকর সামগ্রী উদ্ধার করেছে। এই চক্রের সঙ্গে আরও অনেকের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে পুলিশ। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *