শোকসন্তপ্ত পরিবারের পাশে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : ব্যস্ত রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচির মাঝেও শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। শনিবার তিনি পাথারকান্দির চাঁদখিরা, নূতনতিল্লায় প্রয়াত মুরলিধর কুর্মির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

গত ১৭ সেপ্টেম্বর মুরলিধর কুর্মির মৃত্যু হয়। তাঁর পুত্র দীপক কুর্মি-সহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান মন্ত্রী। বেশ কিছুক্ষণ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
সাক্ষাতের সময় পরিবারের প্রবীণ এক মহিলার সঙ্গে আন্তরিকভাবে দেখা করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শ্রদ্ধার নিদর্শন হিসেবে তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করেন তিনি। এই মুহূর্তে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে পারিবারিক সৌহার্দ্য ও মানবিকতার আবহ তৈরি হয়।

প্রয়াত মুরলিধর কুর্মির আত্মার চিরশান্তি কামনা করে মন্ত্রী বলেন, প্রিয়জনকে হারানোর বেদনা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই দুঃসময়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব। তিনি পরিবারের সদস্যদের ধৈর্য ও মানসিক শক্তি কামনা করেন।
বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত থাকার পরও মন্ত্রীর এই শোকসাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন স্থানীয়রা। তাঁদের মতে, জনপ্রতিনিধির দায়িত্ব শুধু উন্নয়নমূলক কাজ বা সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের মধ্যেই সীমাবদ্ধ নয়; মানুষের সুখ-দুঃখের সময় পাশে থাকাও সেই দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। সাক্ষাৎ শেষে ফের প্রয়াত মুরলিধর কুর্মির বিদেহী আত্মার শান্তি কামনা করেন কৃষ্ণেন্দু পাল এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *