বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : গুজরাটের ঐতিহ্যবাহী সোমনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে ‘সোমনাথ স্বাভিমান যাত্রা’-য় অসম থেকে প্রায় এক হাজার দর্শনার্থী শিবভক্ত অংশ নিয়েছেন। শনিবার গুয়াহাটির কামাখ্যা স্টেশন থেকে সোমনাথগামী বিশেষ ট্রেনের যাত্রা শুরু হয়। রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের মন্ত্রী বিমল বরা সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটির আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন।
অসমের বিভিন্ন জেলা থেকে অংশ নেওয়া ভক্তদের মধ্যে বরাক উপত্যকার তিন জেলা থেকে ৪৫ জন রয়েছেন। তাঁদের সঙ্গে জেলা প্রশাসনের নোডাল আধিকারিকরাও রয়েছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে ভক্তদের যাতায়াত, থাকা ও খাওয়াসহ যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।

হাইলাকান্দি জেলার নোডাল অফিসার শংকর চৌধুরী জানান , ভক্তদের সহায়তার দায়িত্ব পেয়ে তিনি আনন্দিত। একই সঙ্গে ১২টি জ্যোতির্লিঙ্গের অন্যতম সোমনাথ মন্দির দর্শনের সুযোগকে তিনি বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন। এজন্য তিনি হাইলাকান্দির জেলা আয়ুক্ত জয় বিকাশ এবং সংস্কৃতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেনের প্রতি কৃতজ্ঞতা জানান।
সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন হাইলাকান্দি বিজেপির প্রাক্তন জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য সহ বাকি ১৪ জন দর্শনার্থীও।

এদিকে, শনিবার সন্ধ্যায় মন্ত্রী বিমল বরা যাত্রার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের হাতে ব্রহ্মপুত্র নদের জলভর্তি কলস তুলে দেন। সেই জল পরবর্তীতে সোমনাথ ধামে অর্পণ করা হবে। মন্ত্রী ট্রেনের বিভিন্ন কামরায় গিয়ে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের শুভেচ্ছা জানান। এই যাত্রায় আসামের পাশাপাশি ত্রিপুরা, অরুণাচল প্রদেশ ও সিকিমের ভক্তরাও অংশ নিয়েছেন।
উল্লেখ্য, ২০২৬ সালে সোমনাথ মন্দিরে গজনির মাহমুদের আক্রমণের এক হাজার বছর পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে ১১ জানুয়ারি থেকে এক বছরব্যাপী ‘সোমনাথ স্বাভিমান পর্ব—১০০০ ইয়ার্স অব আনব্রোকেন অ্যান্ড ইনডমিটেবল ফেইথ’ কর্মসূচি পালিত হচ্ছে।



