মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : টানটান উত্তেজনা ও বিপুল দর্শক সমাগমের মধ্য দিয়ে শুরু হল কৃষ্ণেন্দু পাল নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৬। শুক্রবার লাংতিংবিল বিদ্যামন্দির স্কুল মাঠে উদ্বোধনী ম্যাচে অয়লময়ো ক্লাব কটামণিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠল দশডাব্বা এফসি।
বৃষ্টির জেরে মাঠের বিভিন্ন অংশ কাদামাটিতে পরিণত হওয়ায় দুই দলের খেলোয়াড়দেরই সমস্যায় পড়তে হয়। তবে প্রতিকূল পরিবেশের মধ্যেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দু’দল। প্রথমার্ধবে একাধিক গোলের সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ের ব্যর্থতা ও দুই গোলরক্ষকের দৃঢ়তায় গোল আসেনি।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে ওঠে। নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত কোনও দলই জালে বল জড়াতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুর লড়াইয়ে শেষ হাসি হাসে দশডাব্বা এফসি। টাইব্রেকারে তারা ৪-৩ গোলে জয় নিশ্চিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠী। উপস্থিত ছিলেন লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্য স্বপন দাস, লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির সভানেত্রী সম্পা চৌধুরী, সমাজসেবী পঙ্কজ শ্যাম খাগড়াগুয়া, জিপি সভানেত্রী জেসিনা চরাই, এপি সদস্য লাভলি মালাকার এবং প্রাক্তন প্রধান শিক্ষক আকবর আলী-সহ বিশিষ্ট ব্যক্তিরা। খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হওয়ার পর ফুটবলে কিক মেরে প্রতিযোগিতার উদ্বোধন করেন ত্রিপাঠী।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ফুটবল ঐক্য, শৃঙ্খলা ও সৌহার্দ্যের বার্তা বহন করে। প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব রয়েছে।
শনিবার দ্বিতীয় ম্যাচে ইংস্টার ক্লাব কটামণি ও লালছড়া এফসি ছলামনা মুখোমুখি হবে।



