এস পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২৯ জুলাই : কাছাড়ের কালাইন থেকে নিখোঁজ এক যুবতীকে কাটিগড়া বাজার এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগের তদন্ত চললেও, ঘটনায় নতুন মোড় এনে সামনে এসেছে স্বেচ্ছায় চলে যাওয়ার দাবিও। প্রসঙ্গত, দিন কয়েক আগে থানায় এক যুবতীকে অপহরণের অভিযোগ দায়ের করেন তাঁর বাবা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় কাটিগড়া বাজার এলাকা থেকে ওই যুবতীকে উদ্ধার করে কাটিগড়া পুলিশ। পরে তাঁকে কালাইন পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যুবতীকে শিলচরের উজালা মহিলা হোমে পাঠানো হয়েছে বলে খবর। এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম থাকা সুন্দাউরা এলাকার বাসিন্দা জনৈক রমজান আহমদ এখনও পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে, তদন্ত-সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্রের দাবি, উদ্ধার হওয়া যুবতী বিবাহিত এবং স্বামীর বাড়িতে নির্যাতনের অভিযোগ তুলে তিনি পূর্বপরিচিত এক ব্যক্তির সঙ্গে স্বেচ্ছায় চলে গিয়েছিলেন। তবে এই দাবির বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। এবিষয়ে যুবতীর পরিবার এবং অভিযুক্ত যুবকের পরিবারের পক্ষ থেকেও এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



