বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর: শিলচর পুর নিগমের প্রথম নির্বাচনকে সামনে রেখে শহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সংকল্পপত্র প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুক্রবার শিলচরে এক অনুষ্ঠানের মাধ্যমে দলের পক্ষ থেকে এই উন্নয়ন সংকল্পপত্র উন্মোচন করা হয়। বিজেপি নেতৃত্বের দাবি, এটি শুধুমাত্র নির্বাচনী ইস্তেহার নয়, বরং শিলচরবাসীর প্রতি দলের উন্নয়নের প্রতিশ্রুতি। শিলচরকে আধুনিক, পরিচ্ছন্ন ও সমস্যামুক্ত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একাধিক পরিকল্পনার কথা সংকল্প পত্রে উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে রয়েছে শহরের বিশুদ্ধ পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান, আধুনিক নিকাশি ব্যবস্থা গড়ে তোলা এবং জলমগ্নতা রোধে মাস্টার প্ল্যান বাস্তবায়ন। প্রতিটি ওয়ার্ডে উন্নত পাকা রাস্তা ও আধুনিক স্ট্রিট লাইটের ব্যবস্থা, বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন শহর গড়ার উদ্যোগের কথাও বলা হয়েছে।

এছাড়াও মহিলা, যুবক ও ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা ও স্বনির্ভর প্রকল্প, শহরে পার্ক নির্মাণ, দুর্নীতিমুক্ত পৌরনিগম, যানজট সমস্যার সমাধান এবং ৪২টি ওয়ার্ডের উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সংকল্পপত্র উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া, তিন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার দুই সদস্য কণাদ পুরকায়স্থ ও সুস্মিতা দেব, তিন বিধায়ক রাজদীপ রায়, বিজয় মালাকার, কিশোর নাথ, প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম, ও দিলীপ কুমার পাল-সহ দলীয় প্রার্থী ও কার্যকর্তারা।
অনুষ্ঠানে দিলীপ শইকিয়া ও জয়ন্ত মল্ল বরুয়া জানান, পুর নিগমে বিজেপি বোর্ড গঠন করলে সংকল্পপত্রে উল্লেখিত প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
শিলচরের প্রথম পুর নিগম নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক প্রচার জোরদার হয়েছে। বিজেপির সংকল্পপত্র প্রকাশের মধ্য দিয়ে দলের নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ হয়েছে।



