বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : পুজোর মরসুমের মুখে শিলচর শহরের প্রধান সড়কগুলোর সংস্কারকাজে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। সড়কে উড়তে থাকা ধুলোয় নাকাল হয়ে উঠেছে জনজীবন। বিশেষ করে দোকানদারদের সমস্যাই সবচেয়ে বেশি। ধুলোর ঝড়ে দোকানের সামনে রাখা পোশাকসহ বিভিন্ন সামগ্রী ঢেকে যাচ্ছে ধুলোর আস্তরণে। ফলে পুজোর আগে বেচাকেনার গুরুত্বপূর্ণ সময়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
শহরের সেন্ট্রাল রোড, হাসপাতাল রোড-সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে সংস্কারকাজ চলছে। এর অংশ হিসেবে রাস্তার উপর বসানো সিসি ব্লক তুলে নেওয়া হয়েছে। কিন্তু কাজের পর দীর্ঘ সময় ধরে রাস্তা যথাযথভাবে পরিষ্কার বা জল দিয়ে ভেজানো না হওয়ায় সামান্য যান চলাচলেই বিপুল পরিমাণ ধুলো উড়ছে। ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ধুলোর কারণে দোকানের পণ্য যেমন নষ্ট হচ্ছে, তেমনই ক্রেতারাও দোকানে ঢুকতে সমস্যায় পড়ছেন। পুজোর মরসুমে দোকানের সামনে জামাকাপড় ও অন্যান্য সামগ্রী সাজিয়ে রাখাও কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ধুলোর কারণে পথচারী ও দোকানকর্মীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।

ব্যবসায়ীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন। তাঁদের দাবি, সংস্কারকাজ চলাকালীন অন্তত দিনে দু’বার সংশ্লিষ্ট সড়কে জল ছিটানোর ব্যবস্থা করা হোক। এতে ধুলোর দাপট অনেকটাই কমবে এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের দুর্ভোগও কিছুটা লাঘব হবে বলে তাঁদের আশা।
পুজোর আগে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর সংস্কারকাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার পাশাপাশি ধুলো নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।



