লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মার্কেট শেড, কাজে লাগছে না স্থানীয়দের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পাকা মার্কেট শেড বছরের পর বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। পাথারকান্দি থানার সংলগ্ন সরকারি জমিতে নির্মিত এই শেড বর্তমানে গরু-ছাগলের আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সরকারি অর্থে নির্মিত পরিকাঠামো এভাবে পড়ে থাকায় ক্ষোভ বাড়ছে বাসিন্দা ও ব্যবসায়ী মহলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর পাথারকান্দির বিধায়ক তথা বর্তমান রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উদ্যোগে শহরের যানজট কমানো এবং স্থায়ী বাজার ও মোটরস্ট্যান্ড গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবে পাথারকান্দি থানার সামনে সরকারি জমিতে মাটি ভরাট করে কয়েক লক্ষ টাকা ব্যয়ে পাকা মার্কেট শেড নির্মাণ করা হয়।

নির্মাণের পর স্থানীয় ব্যবসায়ীরা আশা করেছিলেন, অস্থায়ী বাজারের পরিবর্তে তাঁদের নির্দিষ্ট জায়গায় ব্যবসার সুযোগ মিলবে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শেডটি চালু হয়নি। ফলে একদিকে পাকা মার্কেট অব্যবহৃত পড়ে রয়েছে, অন্যদিকে ব্যবসায়ীদের এখনও অস্থায়ী ও কাঁচা ঘরে ব্যবসা করতে হচ্ছে। বর্ষাকালে জল-কাদা ও অন্যান্য সমস্যায় তাঁদের দুর্ভোগ আরও বাড়ে।

স্থানীয়দের দাবি, নির্মাণকাজ শেষ হওয়ার পর শেডটি তৎকালীন পাথারকান্দি পঞ্চায়েতের কাছে হস্তান্তর করা হয়েছিল। পরে পঞ্চায়েত ভেঙে দেওয়ার পর এটি বর্তমানে পাথারকান্দি সার্কেল অফিসারের অধীনে রয়েছে বলে জানা গেছে। হস্তান্তর ও প্রশাসনিক জটিলতার কারণেই শেডটি চালু করা যাচ্ছে না বলে সূত্রের দাবি।

এদিকে, শেডের পাশাপাশি শহরের যানজট সমস্যাও প্রকট হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নির্দিষ্ট মোটরস্ট্যান্ড থাকা সত্ত্বেও বিভিন্ন যানবাহন শহরের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকায় যানজট বাড়ছে।

তাই অব্যবহৃত মার্কেট শেড দ্রুত চালু করা, প্রশাসনিক জটিলতা নিরসন এবং নির্দিষ্ট মোটরস্ট্যান্ড কার্যকর করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাঁদের মতে, দ্রুত পদক্ষেপ নেওয়া হলে সরকারি অর্থে নির্মিত এই পরিকাঠামো যেমন কাজে লাগবে, তেমনই শহরের যানজট সমস্যাও কিছুটা কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *