বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : ৬ নম্বর ওয়ার্ড। তবে দীর্ঘদিন ধরে জলনিকাশি ব্যবস্থা, পানীয় জলের সংকট এবং বেহাল রাস্তাঘাটের কারণে এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ৬ নম্বর ওয়ার্ডের একাংশের বাসিন্দারা নির্দল প্রার্থী সন্দীপ দত্তের সামনে তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বাসিন্দাদের অভিযোগ, এলাকার বিভিন্ন গলি ও গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে থাকায় স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। এর ফলে বয়স্ক নাগরিকদের পাশাপাশি পথচারী ও যানবাহন চালকরাও সমস্যায় পড়ছেন।
বাসিন্দারা আরও জানান, বেশ কিছু এলাকায় পর্যাপ্ত পানীয় জল পাওয়া যায় না। কোথাও আবার জল সরবরাহ নিয়মিত নয়। জলজমা ও নোংরা পানির কারণে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে তাঁদের অভিযোগ। সমস্যাগুলির স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানান তাঁরা।
নির্দল প্রার্থী সন্দীপ দত্ত বলেন, “ওয়ার্ডের মানুষ নিয়মিত কর দেবেন, অথচ ন্যায্য নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত থাকবেন—এটা সম্পূর্ণ অনৈতিক।” তিনি পরিকল্পনাহীন কাজ, জনগণের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত গ্রহণ এবং অভিজ্ঞ ও শিক্ষিত প্রতিনিধির অভাবকে এলাকার সমস্যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
সন্দীপ দত্তের দাবি, সঠিক জলনিকাশি ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ এবং ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যার স্থায়ী সমাধানের জন্য অভিজ্ঞ ও শিক্ষিত কাউন্সিলারের প্রয়োজন। এদিন উপস্থিত ছিলেন মতিলাল দাস, শ্যাম মজুমদার, পার্থ প্রতিম দাস, কমলা সিং, নন্তু চন্দ, সুধাংশু দেব ও বিমল দত্ত।



