শিলচর পুর নিগম নির্বাচনের আগে ফের কংগ্রেসে ধাক্কা, অগপয় যোগদান  শতাধিক কর্মীর

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনের প্রাক্কালে কংগ্রেসে বড়সড় ভাঙনের খবর সামনে এল। ৭ নম্বর ওয়ার্ডের ঘনিয়ালায় রবিবার বিকেলে অনুষ্ঠিত এক যোগদান সভায় শতাধিক কংগ্রেস কর্মী অসম গণ পরিষদে (অগপ) যোগদান করেন।
ঘনিয়ালার আতাউর রহমানের বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে অগপের শিলচর বিধান পরিষদের সভাপতি সৌম্যদীপ ভট্টাচার্য (দীপন), সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দার হোসেন লস্কর (শাহাজাহান) এবং শিলচর বিধান পরিষদের সহ-সভাপতি সৌমেন দাসের উপস্থিতিতে কর্মীরা অগপে যোগ দেন। বিজেপির ৭ নম্বর ওয়ার্ড শক্তিকেন্দ্রের প্রধান মনমোহন রবিদাসও যোগদানকারীদের স্বাগত জানান।

অগপ নেতা সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, আসন্ন পুর নিগম নির্বাচনে মিত্রজোটের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়ে বোর্ড গঠন করবেন। তাঁর দাবি, নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের অনেকেরই জামানত বাজেয়াপ্ত হতে পারে।

হায়দার হোসেন লস্কর দাবি করেন, কংগ্রেস সাংগঠনিক ও সামাজিকভাবে দুর্বল হয়ে পড়েছে। ঘনিয়ালায় শতাধিক কর্মীর যোগদান তারই প্রতিফলন বলে তিনি মন্তব্য করেন। আলতাফ হোসেন লস্করের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা আসন্ন পুর নিগম নির্বাচন নিয়ে দলের সাংগঠনিক প্রস্তুতি নিয়েও আলোচনা করেন। উল্লেখ্য, টিকিট বণ্টনকে কেন্দ্র করে ইতিমধ্যেই কংগ্রেসের বেশ কিছু কর্মী ও সমর্থক অগপ এবং বিজেপিতে যোগ দিয়েছেন বলে দলীয় সূত্রে খবর। ঘনিয়ালায় শতাধিক কর্মীর অগপে যোগদান সেই ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *