শিলচরের তারাপুরে চুরি, লকার ভেঙে প্রায় দেড় কোটি টাকার অলঙ্কার লুট

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : পুজোর আগে শিলচরের তারাপুর শিববাড়ি রোডের ক্ষুদিরাম সরণি বাই লেনে অবসরপ্রাপ্ত অধ্যাপক অসিত চক্রবর্তীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গভীর রাতে বাড়ির স্লাইডিং দরজা ভেঙে ভিতরে ঢুকে চোর। এরপর লকার ভেঙে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সোনার অলঙ্কার নিয়ে পালিয়ে যায়। ঘটনায় তারাপুর থানায় এফআইআর দায়ের করেছে পরিবার।

পরিবারের অভিযোগ, সোমবার ভোররাত প্রায় ৩টা নাগাদ চোর বাড়িতে প্রবেশ করে। সেই সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন অসিত চক্রবর্তীর স্ত্রী সঙ্গীতা চক্রবর্তী এবং তাঁদের দুই কন্যা। পরিবারের দাবি, গত ২৫ থেকে ৩০ বছরে ধীরে ধীরে সঞ্চয় করে ওই সোনার অলঙ্কারগুলি তৈরি করা হয়েছিল। এর মধ্যে সঙ্গীতা চক্রবর্তীর বিয়ের গয়না ছাড়াও দুই কন্যার ভবিষ্যতর জন্য রাখা বিভিন্ন ধরনের সোনার অলঙ্কার ছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তল্লাশির সময় একটি প্লায়ার্স বা পিন্স-নোজ উদ্ধার করা হয়েছে। পরিবারের সন্দেহ, ওই সরঞ্জাম ব্যবহার করেই দরজা ও লকার ভাঙা হয়।

অভিযোগ, গয়না নিয়ে যাওয়ার পর চোর কাছাকাছি জঙ্গলের দিকে পালিয়ে যায় এবং সেখানে বিভিন্ন বাক্স ফেলে রেখে যায়। ঘটনাস্থলের আশপাশের লেনে সিসিটিভি না থাকায় এখনও চোরের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা গেছে। চুরি যাওয়া অলঙ্কার উদ্ধার এবং অভিযুক্তকে শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে পুলিশ। পুজোর আগে এই ঘটনায় এলাকায়ও আতঙ্ক ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *