দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য ভগবান স্বামী প্রণবানন্দজির আদর্শে শিলচরে প্রথমবারের মতো আয়োজিত হলো যুব সম্মেলন। রবিবার বিকেল ৪টা থেকে শিলচরের মালিনীবিলে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘের কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন ভারত সেবাশ্রম সংঘ উত্তর-পূর্বাঞ্চলের মুখ্য সংগঠক শ্রীমৎ স্বামী সাধনানন্দ মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের চারণ দলের প্রধান তথা এই যুব সম্মেলনের উদ্যোক্তা স্বামী তত্ত্বজ্ঞানানন্দ মহারাজ। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান কবি ও সাংবাদিক অতীন দাশ, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হিমাদ্রি শেখর দাস, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সমর্পণ নাথ এবং শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ পাল।
এদিন যুব সম্মেলনে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক পড়ুয়া যোগদান করেন। প্রণবানন্দজির আদর্শ এবং বর্তমান যুবসমাজকে সংগঠিতভাবে পরিচালিত করার লক্ষ্যে সম্মেলনে বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা।



