বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : গুয়াহাটির উলুবাড়িস্থিত ইন্দিরা IVF সেন্টারে চিকিৎসাধীন এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। চিকিৎসায় গাফিলতি ও ভুল চিকিৎসার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।
মৃত মহিলার নাম লিজা ফুকন কোচ। তিনি চাবুয়ার রহমরিয়ার বাসিন্দা। স্বজনদের বক্তব্য অনুযায়ী, গত মে মাস থেকে ড. দিব্যজ্যোতি গোস্বামীর অধীনে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং প্রায় এক মাস ধরে ওই কেন্দ্রে ভর্তি ছিলেন।
পরিবারের দাবি, ১৯ সেপ্টেম্বর রাতে চিকিৎসকের পরামর্শে একটি ট্যাবলেট খাওয়ার পরেই লিজার বমি ও পাতলা পায়খানা শুরু হয়। ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবক্ষয় ঘটে। অভিযোগ, সেই সময় দায়িত্বপ্রাপ্ত নার্সরা বিষয়টি পর্যাপ্ত গুরুত্ব দেননি।
পরদিন সকালে পরিবারের লোকেরা তাঁকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে (GMCH) নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ক্ষুব্ধ স্বজনেরা লিজার দেহ পুনরায় ওই IVF কেন্দ্রে নিয়ে গিয়ে ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ জানান। ঘটনাটিকে কেন্দ্র করে চিকিৎসা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং পুরো বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।



