চিত্রা চক্রবর্তীর স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সুরবাহার ও ঠিকানা মিউজিকাল হাবের

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর: আকাশবাণী ও দূরদর্শনের নিয়মিত শিল্পী তথা প্রয়াত সংগীতশিল্পী চিত্রা চক্রবর্তীর স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুরবাহার অর্গানাইজেশন ও ঠিকানা মিউজিকাল হাবের ব্যবস্থাপনায় এবং শিল্পীর পরিবারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর দীর্ঘ ও বর্ণময় সঙ্গীতজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিল্পী চিত্রা চক্রবর্তীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষা নন্দিনী চক্রবর্তী, বরিষ্ঠ সংগীতশিল্পী সুজিত দাস, সাহিত্যিক সমর বিজয় চক্রবর্তী, সুরবাহারের কর্ণধার অমরেন্দ্র চক্রবর্তী এবং রাজ্যসভার সাংসদ কানাদ পুরকায়স্থ।

অনুষ্ঠানের প্রারম্ভে সুরকার, গীতিকার ও শিল্পী সরোজ দাশ, প্রয়াত চিত্রা চক্রবর্তী এবং সদ্যপ্রয়াত আবৃত্তিকার সঞ্চারী চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সুরবাহারের সমবেত সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘সুরের সুরভী—ভেসে আছে কথা ও সুর’ শীর্ষক বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়। এই পর্বটি সম্পূর্ণভাবে প্রয়াত শিল্পী চিত্রা চক্রবর্তীর স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হয়। বক্তারা তাঁর সঙ্গীতচর্চা, শিল্পীসত্তা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক স্মরণ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠক ও তবলাবাদক ভাস্কর দাস। চিত্রা চক্রবর্তীর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, তিনি শুধু একজন গায়িকা ছিলেন না, একজন ভালো মনের মানুষ হিসেবেও সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *