বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : ১৯৪২ সালের ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের অমর শহিদ বীরাঙ্গনা কনকলতা বরুয়ার আত্মবলিদান দিবস রবিবার শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এ উপলক্ষে শহিদ কনকলতা স্মৃতি রক্ষা কমিটি, এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস ও কমসোমলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। রবিবার সকালে ক্লাবরোডে শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে কনকলতা বরুয়ার প্রতিকৃতি স্থাপন করে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহিদ কনকলতা স্মৃতি রক্ষা কমিটি, কাছাড়ের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি অম্বিকাপট্টি, শিলংপট্টি ও পার্করোড হয়ে মধ্যশহর সাংস্কৃতিক ভবনে পৌঁছায়। সেখানে কনকলতার প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন স্মৃতি রক্ষা কমিটির উপদেষ্টা নীহাররঞ্জন পাল, সহ-সভাপতি সুব্রতচন্দ্র নাথ, দীপঙ্কর চন্দ, সিহাব উদ্দিন আহমদ ও দুলালী গাঙ্গুলি। পরে অসম সাহিত্য সভার সম্পাদিকা আইরিশ বর্মণ, তরুণরাম ফুকন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বিজয় সোনার এবং শিক্ষক প্রসন্ন চক্রবর্তী শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন দুলালী গাঙ্গুলি। কবিতা আবৃত্তি করেন স্বাগতা চক্রবর্তী ও প্রসন্ন চক্রবর্তী।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলি। মুখ্য বক্তা ছিলেন কমিটির উপদেষ্টা তথা নেতাজি ফাউন্ডেশনের সম্পাদক নীহাররঞ্জন পাল। এছাড়া বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ। সভায় সভাপতিত্ব করেন কমিটির সহ-সভাপতি সুব্রতচন্দ্র নাথ এবং সঞ্চালনা করেন পাপিয়া সিকদার। অনুষ্ঠানে দিলীপ নাথ, অঞ্জন চন্দ, রেখা ভট্টাচার্য, সুকল্পা দত্ত, স্বাগতা চক্রবর্তী, খাদেজা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।



