বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : সামাজিক মাধ্যমে ‘পাগলা বাবা’ নামে পরিচিত জহুর আলিকে গ্রেফতার করেছে নগাঁও পুলিশ। জুরিয়া থানার অন্তর্গত বালিজান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, জহুর আলি কথিত তন্ত্রসাধনা ও অলৌকিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি অতিপ্রাকৃত ক্ষমতার মাধ্যমে বিভিন্ন রোগ নিরাময়ের দাবি করতেন বলেও অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে Assam Healing (Prevention of Evil Practices) Act, 2024-সহ আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করে আইনি পদক্ষেপ শুরু করেছে পুলিশ।
নগাঁও পুলিশ জানিয়েছে, প্রতারণামূলক, অবৈজ্ঞানিক ও আইনবিরোধী চিকিৎসা বা অন্যান্য পদ্ধতির মাধ্যমে অসহায় মানুষের শোষণ রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ সাধারণ মানুষকে এ ধরনের কুসংস্কার ও অলৌকিক চিকিৎসার দাবি সম্পর্কে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছে।



