মধুরবন্দ-কনকপুরে নবনির্মিত সেতুর সংযোগ সড়ক নিয়ে ক্ষোভ

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : মধুরবন্দ-কনকপুরের বাখরশাহ মোকামের পাশে নির্মাণাধীন নবনির্মিত সেতুর কাজ প্রায় শেষ হলেও সংযোগ সড়কের নির্মাণ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। ২০২৫ সালের নভেম্বর থেকে সেতুটির নির্মাণকাজ চলছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় তিন দিন আগে সেতু দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচলের জন্য লাল মাটি ফেলে অস্থায়ীভাবে সংযোগ সড়ক তৈরি করা হয়। কিন্তু মাটি ফেলার ফলে সেতুর একাংশ অতিরিক্ত উঁচু হয়ে যাওয়ায় সংযোগস্থল সংকীর্ণ হয়ে পড়েছে। এতে খালোপার এলাকার বাসিন্দাদের পাশাপাশি বয়স্ক ব্যক্তি ও ছাত্রছাত্রীদের যাতায়াতে সমস্যার সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের দাবি, বিষয়টি সংশ্লিষ্ট বিভাগ ও ঠিকাদারকে জানানো হলেও রাতের অন্ধকারে সংযোগ সড়কের কাজ সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি সংযোগস্থলের কাছেই বৈদ্যুতিক ট্রান্সফরমার থাকায় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে বলে তাঁরা জানান।

সমস্যার সমাধানে সংযোগস্থল আরও প্রশস্ত করা, সেতুর ঢাল কিছুটা দীর্ঘ করা এবং বর্ষাকালে মাটি ধসে পড়া রোধে শক্তপোক্ত গার্ডওয়াল নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় নাগরিকরা। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *