রাতাবাড়িতে লেভেল ক্রসিংয়ের দাবিতে  সাংসদকে নিয়ে জিএমের সঙ্গে সাক্ষাৎ

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : রাতাবাড়ি-পলডহর পূর্ত সড়কে দীর্ঘদিনের গণদাবি রেলওয়ে লেভেল ক্রসিং বা রোড আন্ডার ব্রিজ (RUB) নির্মাণ করা। এই দাবি নিয়ে প্রাক্তন জেলা পরিষদ সদস্য হেলাল আহমেদ খান সহ এক প্রতিনিধিদল সাংসদ কৃপানাথ মালাকে সঙ্গে করে উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাৎ করে। গত ১৫ সেপ্টেম্বর উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি নিয়ে আলোচনা করা হয়। আলোচনার সময় সাংসদ রাতাবাড়ি এলাকার হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। বিশেষ করে স্কুল-কলেজের পড়ুয়া, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স এবং সাধারণ মানুষের যাতায়াতে সমস্যার কথা তিনি জোরালোভাবে জানান।

বিষয়টি গুরুত্ব সহকারে শুনে জেনারেল ম্যানেজার লামডিং রেল ডিভিশনের ডিআরএম সমীর লোহানিকে দ্রুত বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। ডিআরএম জানান, শীঘ্রই বিশেষজ্ঞ দল সরেজমিনে পরিদর্শন করে RUB নির্মাণের সম্ভাব্যতা যাচাই করবে। সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

প্রতিনিধিদলের দাবি, রাতাবাড়িবাসীর দীর্ঘদিনের এই গণদাবি দ্রুত বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ বিষয়ে তাঁদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানানো হয়। প্রতিনিধিদলে ছিলেন রাতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি নূরুল ইসলাম, সমাজকর্মী মুক্তার আহমদ, সামিম আহমদ, সাহিন আহমদ, আজিম উদ্দিন তালুকদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *