শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : কাছাড় জেলার গুমড়া খেলমা সপ্তম খণ্ডের করচূড়া এলাকা থেকে নজমুল হক নামে এক যুবককে অপহরণ করে পরিবারের কাছে প্রায় ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশের তৎপরতায় অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যে আসাম-মেঘালয় সীমান্তের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে অপহৃত যুবককে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর অপহৃত নজমুল হককে উদ্ধারে তৎপর হয়ে ওঠে পুলিশ। অবশেষে বৃহস্পতিবার ভোরে তাঁকে উদ্ধার করা হয়। এরপর ওই দিন রাতেই অপহরণকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মিনাজ উদ্দিন লস্কর ও সাহিল হুসাইন নামে দুইজনকে আটক করে গুমড়া পুলিশ। আটক দুজনই জালালপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বর্তমানে তাঁরা পুলিশের হেফাজতে রয়েছেন।

সূত্রে খবর, এই ঘটনায় জড়িত আরও কয়েকজন অভিযুক্ত পলাতক রয়েছে। অপহরণের প্রকৃত কারণ, মুক্তিপণ দাবির বিষয়টি এবং ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে গুমড়া খেলমা ও সংলগ্ন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপহরণকাণ্ডে জড়িত সকল অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার সম্পূর্ণ রহস্য উদঘাটনের দাবি উঠেছে স্থানীয় মহলে।



