দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : সৃষ্টির সমন্বিত সংস্কৃতি চর্চা ও প্রশিক্ষণ কেন্দ্রের রজতজয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান আগামী ২৯ ও ৩০ আগস্ট শিলচরে অনুষ্ঠিত হবে।
এই দু’দিনের অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি মঙ্গলবার দাস কলোনিতে অবস্থিত সৃষ্টির কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়।
কেন্দ্রের প্রতিষ্ঠাতা-সম্পাদিকা মৌমিতা বিশ্বাস জানান, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২৯ আগস্ট ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হবে। সম্মানিতদের মধ্যে রয়েছেন নিখিল পাল, নন্দিনী চক্রবর্তী, বিশ্বজিৎ রায় চৌধুরী, চন্দ্রিমা দত্ত, অমিত শিকদার এবং চিত্রভানু ভৌমিক।
২৯ আগস্ট গুয়াহাটির কথক নৃত্যশিল্পী বিপুল চন্দ্র দাসও অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন।
মৌমিতা বিশ্বাস জানান, রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণকারী ক্লাবগুলিকে ৩০ আগস্ট সম্মানিত করা হবে। ওই দিন সৃষ্টির নিজস্ব প্রযোজনার একটি নাটকও মঞ্চস্থ হবে। পাশাপাশি, চন্দননগরের নাট্যদল ‘না নাটক’ একটি নাটক পরিবেশন করবে।
রজতজয়ন্তী বর্ষ উদযাপন কমিটির মুখ্য উপদেষ্টা নিখিল পাল বলেন, দু’দিনের এই অনুষ্ঠানের মাধ্যমে সৃষ্টির ২৫ বছরের পথচলা ও বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হবে। তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও জানান, কলকাতার একটি নাট্যদলকে শিলচরে এনে নাটক মঞ্চস্থ করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানটির অংশ হিসেবে ৩০ আগস্ট সেই নাটক মঞ্চস্থ হবে।
উদযাপন কমিটির সভাপতি ড. বিশ্বতোষ চৌধুরী মৌমিতা বিশ্বাস এবং সৃষ্টির বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনিও সকলকে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানান।
দীপক সেনগুপ্ত আশা প্রকাশ করেন, বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি জানান, রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হবে।
সাংবাদিক সম্মেলনে মৌতুসী বিশ্বাস, গৌরা চক্রবর্তী, পন্না পাল, কৃষ্ণেন্দু চক্রবর্তী, সুদীপ সাহা, শ্যামলী চৌধুরী, মিনাক্ষী দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



