কুড়ি দিন পর নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে উদ্ধার ১০ মৃতদেহ

Spread the news

১৭ সেপ্টেম্বর : ২৬ অগস্টের ভয়াবহ হড়পা বানের তিন সপ্তাহ পর নেপালের রাসুয়া জেলায় দুটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বুধবার ভারতীয় সেনাবাহিনী ও নেপালের উদ্ধারকারী দল যৌথভাবে অভিযান চালিয়ে কাদা ও ধ্বংসস্তূপ সরিয়ে দেহগুলি উদ্ধার করে। চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের শেষ প্রান্তে ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করা সম্ভব না হওয়ায় ভারতীয় সেনা ও স্থানীয় উদ্ধারকারীরা হাত দিয়ে কাদা সরিয়ে পাঁচটি দেহ উদ্ধার করেন। অন্যদিকে, ত্রিশূলী-১ প্রকল্পের অডিট-৩ টানেল থেকে আরও পাঁচজনের দেহ উদ্ধার করেছে নেপাল সেনাবাহিনী। টানেলের ভিতরে এখনও বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রকল্পের ইঞ্জিনিয়ার শ্রীরাম নুপানে জানান, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জীবিতদের উদ্ধারের আশায় অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে।

নেপালের বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে জানা গেছে, দুর্যোগে মৃত ও নিখোঁজের সংখ্যা ব্যাপক আকার ধারণ করেছে। নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১,৪০৩ জনে দাঁড়িয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন ৬,১৫০ জন। প্রায় ১৮৯ জন ভারতীয়েরও এখনও সন্ধান মেলেনি। তিব্বতে হড়পা বানে ৪৩ জনের মৃত্যু এবং ৫১৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নেপাল ও তিব্বত মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৪৪৬ জনে।

এদিকে, হড়পা বানের ২০ দিন পরেও পশ্চিমবঙ্গের অন্তত ৩০টি পরিবারের সদস্যদের কোনও সন্ধান মেলেনি। নিখোঁজ স্বজনদের ফিরে আসার আশায় অপেক্ষা করছেন তাঁদের পরিজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *