আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : টানটান পরিস্থিতির মধ্য দিয়ে সাতকরাকান্দি হাইস্কুলে পূর্ণাঙ্গ পরিচালন কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার স্কুল পরিচালন কমিটির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের লক্ষ্যে স্কুল চত্বরে সভা ডাকা হয়। নির্বাচিত ১৮ সদস্যকে শুধু স্কুল চত্বরে ঢোকার অনুমতি দিয়ে গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
বিশিষ্ট ব্যক্তি উজির আহমদ চৌধুরীর পৌরহিত্যে অনুষ্ঠিত সভার শুরুতেই সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন স্কুলের প্রধান শিক্ষক আহমদ হোসেন বড়ভূইয়া। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে বিতর্ক এড়িয়ে নির্বাচিত ১৮ সদস্যের মধ্য থেকে সরকারি নির্দেশিকা অনুযায়ী সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করার পরামর্শ দেন। এতে এক পক্ষ ১০ জনের সমর্থন-সহ একটি স্মারকপত্র সভাপতির হাতে তুলে দেন। অন্য পক্ষ অর্থাৎ আটজন সদস্য গোপন ব্যালটে ভোট গ্রহণের দাবি জানান। যেহেতু সরেজমিনে উপস্থিত ১৮ সদস্যের মধ্যে ১০ জন অর্থাৎ অধিকাংশ সদস্য সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের পক্ষে একযোগে প্রস্তাব দিয়েছেন, সেই হেতু বিষয়টি সহজ-সরলভাবে নেওয়ার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান সভার সভাপতি।
সভার সিদ্ধান্ত মেনে নেননি আটজন সদস্য। তাঁরা স্কুল চত্বর ত্যাগ করেন। এরপর শুরু হয় সভার মূল পর্ব। প্রস্তাব ও সমর্থনের মধ্য দিয়ে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করা হয়। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন হোসেন রাজা লস্কর এবং সহ-সভাপতি নির্বাচিত হন আনছারা বেগম বড়ভূইয়া। কোনও উত্তেজনা ছাড়াই সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন পর্ব সম্পন্ন হওয়ায় সবাইকে অভিনন্দন জানান বাঁশকান্দি ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি সামছুল ইসলাম বড়ভূইয়া। তিনি বলেন, নির্বাচিত ১৮ সদস্য সাতশো ছাত্রছাত্রীর অভিভাবক। তাই কোনও বিতর্ক ছাড়াই একজোট হয়ে স্কুলের উন্নয়নে ১৮ সদস্যকে দায়িত্ব পালনের অনুরোধ জানান। স্কুলের প্রধান শিক্ষক আহমদ হোসেন বড়ভূইয়া বলেন, স্কুল পরিচালনার ক্ষেত্রে নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতি ছাড়াও নির্বাচিত প্রত্যেক সদস্যের সর্বদা সহযোগিতা কামনা করেন।



