নগাঁওয়ে মনোনয়ন জমা দিলেন বিজেপি, কংগ্রেস, ইউডিএফ ও তৃণমূল প্রার্থীরা

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : বিজেপির প্রার্থী তথা প্রাক্তন আইএএস আধিকারিক দেবাশিস শর্মা, কংগ্রেসের প্রার্থী শিবামণি বরা, এআইইউডিএফের প্রধান বদরুদ্দিন আজমল এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী আব্দুল সালাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী বৃহস্পতিবার মনোনয়নপত্রগুলি যাচাই করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর। সব মিলিয়ে মোট ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সম্প্রতি নগাঁওয়ের জেলা কমিশনারের পদ থেকে ইস্তফা দেওয়া দেবাশিস শর্মা নগাঁওয়ের বর্তমান জেলা কমিশনার তথা রিটার্নিং অফিসার অরণ্যক শইকিয়ার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া, মন্ত্রী কেশব মহন্ত ও পীযূষ হাজরিকা, নগাঁওয়ের বিধায়ক রূপক শর্মা এবং প্রাক্তন সাংসদ প্রদ্যুৎ বরদলৈ।

অন্যদিকে, কংগ্রেস প্রার্থী শিবামণি বরা অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ, ধুবড়ির সাংসদ রাকিবুল হোসেন এবং রূপহীহাটের বিধায়ক নুরুল হুদার উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেন। এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলও দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন।

মনোনয়ন জমা দেওয়ার পর দেবাশিস শর্মা বলেন, বিজেপি এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। তাঁর কথায়, “আমরা শুধু প্রতিদ্বন্দ্বিতা করতে আসিনি, জয়ী হতে এসেছি।”

অন্যদিকে, আজমল অভিযোগ করেন, কংগ্রেস ও বিজেপির প্রার্থীরা “একই”। তাঁর দাবি, শিবামণি বরাকে বিজেপি এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বেছে নিয়েছেন। তিনি বলেন, “আমার মোবাইল হারিয়ে গেছে। কেউ সেটি নিয়ে নিয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *