বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : মণিপুরের কাংপোকপি-সেনাপতি সীমান্ত এলাকার ইম্ফল-তামেংলং (আইটি) সড়কের পাশে চাওয়াংকিনিং গ্রামে মঙ্গলবার গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় কৃষকদের একাধিক বাড়ি পুড়ে যায়। আগুনে বসতবাড়ির পাশাপাশি খাদ্যশস্য ও বিভিন্ন গৃহস্থালির সামগ্রীও নষ্ট হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সশস্ত্র জঙ্গিরাই এই অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ছিল। তাঁদের দাবি, সন্দেহভাজন হামলাকারীদের বাধা দিতে গ্রামের নাগা ভিলেজ গার্ডরা এগিয়ে আসেন। এ সময় সংঘর্ষে দুই সন্দেহভাজন জঙ্গি গুরুতর আহত হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি। সূত্রের খবর, বুধবার ভোরে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা গ্রামে পৌঁছন। তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে সহযোগিতা করেন। তবে ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই পার্শ্ববর্তী তামেংলং জেলায় দুই মহিলাকে গুলি করে হত্যার ঘটনা ঘটে।
এ দিকে, মঙ্গলবার সন্ধ্যায় লেইসাং কুকি ভিলেজ, যা লেইসাংফাই নামেও পরিচিত, সেখানে জুম চাষের জমিতে কাজ করার সময় চোঙ্গা সিতলহৌ (৬০) এবং কিমবই সিংসন (৩০)-কে গুলি করে হত্যা করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরপর এই ঘটনায় কাংপোকপি-সেনাপতি-তামেংলং বিস্তীর্ণ এলাকায় উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর মোতায়েন বাড়ানো হয়েছে। পাশাপাশি, শান্তি বজায় রাখা এবং সংযত থাকার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে প্রশাসন।



