নগাঁও উপনির্বাচনে বিজেপি জিতলে ২০৩১-এ ১২৬ আসন : হিমন্ত

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে বিজেপি জয়ী হলে ২০৩১ সালের অসম বিধানসভা নির্বাচনে দল ১২৬টি আসনেই জয়লাভ করবে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার যোরহাটে জেলা আয়ুক্তদের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, নগাঁও বিজেপির ঐতিহ্যগত আসন নয়। তবে গত এক মাসে সেখানে বিজেপির পক্ষে রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। তাঁর দাবি, মানুষ ক্রমশ বিজেপির দিকে ঝুঁকছেন এবং দলের পক্ষে পরিবেশ ইতিবাচক হচ্ছে।
শর্মা জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নগাঁও লোকসভা আসনের অন্তর্গত মরিগাঁও, রাহা, জাগিরোড এবং নগাঁও-বটদ্রবা এই চারটি কেন্দ্রে বিজেপি প্রায় ৫০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল। অন্যদিকে রূপহীহাট, লাহরিঘাট, ধিং ও সামগুড়ি—এই চারটি কেন্দ্রে বিরোধীরা প্রায় দেড় লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করে।

মুখ্যমন্ত্রী বলেন, এখন উপনির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। বিজেপি নগাঁও লোকসভা আসনে জয়ী হলে ২০৩১ সালের বিধানসভা নির্বাচনে দলের ১২৬টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগেই বিজেপির বিধায়ক না থাকা বিভিন্ন কেন্দ্রেও বহু মানুষ দলে যোগ দিয়েছেন। নগাঁওয়ে এই প্রবণতা দলের পক্ষে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধীদের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে শর্মা বলেন, এআইইউডিএফের বদরুদ্দিন আজমল বা কংগ্রেসের গৌরব গগৈকে নিয়ে তিনি আগ্রহী নন। তাঁর মূল লক্ষ্য বিজেপি, অগপ ও বিপিএফের জোটকে শক্তিশালী করা। ভালো কাজের মাধ্যমে মানুষের সমর্থন ধরে রাখার কথাও জানান মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *