বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : বন্যাকবলিত শিবসাগর জেলার শলগুরি গাঁও পঞ্চায়েত এলাকার শলগুরি হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করল ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, আসাম চাপ্টার। মঙ্গলবার আয়োজিত এই কর্মসূচিতে দুই শতাধিক ছাত্রছাত্রীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য অধ্যাপক অপূর্ব লাল সেনাপতি, কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য তথা আসাম চাপ্টারের আহ্বায়ক পিন্টু দেবনাথসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
স্কুলের অধ্যক্ষ জিতেন্দ্রনাথ শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পিন্টু দেবনাথ ও অধ্যাপক অপূর্ব লাল সেনাপতি বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সমাজে বিজ্ঞানমনস্ক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও যুক্তিবাদী মানসিকতার বিকাশ এবং প্রসারে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদানও সংগঠনের অন্যতম লক্ষ্য বলে তাঁরা উল্লেখ করেন।

বক্তারা আরও জানান, সমাজে যুক্তিবাদী চিন্তাধারার প্রসার ঘটানোর পাশাপাশি দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৪ আগস্ট শিবসাগর জেলার সনটকে একই ধরনের একটি শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় শলগুরি হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যেও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সংক্ষিপ্ত অনুষ্ঠানের পর দুই শতাধিক ছাত্রছাত্রীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।



