রাধামাধব কলেজে পকসো আইন নিয়ে সচেতনতা কর্মসূচি

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : শিশুদের সুরক্ষা ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার শিলচরের রাধামাধব কলেজে পকসো আইন (POCSO Act), নালসা আশা স্কিম, ২০২৫ এবং নালসা জাগৃতি স্কিম, ২০২৫ নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলেজের উইমেন ডেভেলপমেন্ট সেল এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, কাছাড়ের যৌথ উদ্যোগে কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিলচর জুভেনাইল জাস্টিস বোর্ডের সমাজকর্মী সুমিতা বিশ্বাস। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী। বক্তব্য রাখেন আইকিউএসি কো-অর্ডিনেটর ড. রাহুল সরনিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাধামাধব কলেজের উইমেন ডেভেলপমেন্ট সেলের আহ্বায়ক ড. রুমা নাথ চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজের গ্রন্থাগারিক ড. সোনালি চৌধুরী।

প্রধান বক্তা সুমিতা বিশ্বাস শিশু সুরক্ষার প্রয়োজনীয়তা এবং শিশুদের অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিশুদের সুরক্ষায় জেলা শিশু সুরক্ষা কার্যালয়, জেলা শিশু সুরক্ষা ইউনিট, শিশু কল্যাণ সমিতি, জুভেনাইল জাস্টিস বোর্ড এবং চাইল্ড লাইনের ভূমিকা নিয়েও তিনি আলোকপাত করেন। শিশুদের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সংস্থাগুলি কীভাবে শিশুবান্ধব পরিবেশে কাজ করে, তা তিনি তুলে ধরেন। পাশাপাশি শিশুদের অধিকার রক্ষায় পকসো আইন কীভাবে সুরক্ষা কবচ হিসেবে কাজ করে, সে বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী, প্রাক্তন অধ্যক্ষ ড. দেবাশিস রায়, ড. জীবন দাস, ড. নবনিতা দেবনাথ, নম্রতা নাথ, ড. পিয়া দাস, ড. আশিসতরু রায়, সবনম সরংশা, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্যারা লিগ্যাল ভলান্টিয়ার নয়ন সূত্রধরসহ কলেজের শিক্ষক ও প্রশাসনিক কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *