বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে শিলচর পুর নিগম এলাকার বেরেঙ্গা নাথপাড়া শিব মন্দির সর্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে আয়োজিত হয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে দুর্গাপূজা কমিটির সদস্য ও উপস্থিত বিশিষ্টজনদের সঙ্গে শারদীয়ার শুভেচ্ছা বিনিময় করেন প্রাক্তন বিধায়ক তথা বিশিষ্ট ব্যক্তিত্ব মওলানা আতাউর রহমান মাঝারভূইয়া, সিহাব উদ্দিন আহমদ, আলি রাজা উসমানি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
উৎসবের আনন্দ সকলের মধ্যে ভাগ করে নেওয়া এবং বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। দুর্গাপূজার আনন্দঘন পরিবেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের এই সৌজন্য সাক্ষাৎ সামাজিক ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক ইতিবাচক বার্তা বহন করে।

শারদীয় দুর্গোৎসব কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এই উৎসব মানুষের মধ্যে মিলন, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। বেরেঙ্গা নাথপাড়া শিব মন্দির সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপে আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সেই সম্প্রীতির বার্তাকেই আরও প্রসারিত করেছে। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সৌজন্য ও অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসবের সর্বজনীন আবেদনও ফুটে ওঠে।
উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এ ধরনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



