১৪ সেপ্টেম্বর : পার্কিং নিয়ে বচসার জেরে কর্গিল যুদ্ধের ঐতিহাসিক ‘অপারেশন সফেদ সাগর’-এর বীর সেনানী তথা বায়ুসেনার প্রাক্তন গ্রুপ ক্যাপ্টেন অমিত গুপ্তাকে লোহার রড দিয়ে brutally মারধরের অভিযোগ উঠল। গুরুগ্রামের একটি বাণিজ্যিক চত্বরে সপরিবার খেতে গিয়ে এই নৃশংস অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে পরিবারের সঙ্গে ম্যাগনাম গ্লোবাল পার্কের একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন অমিত গুপ্তা। পরিবারের সদস্যদের নামিয়ে গাড়ি পার্কিংয়ে নিয়ে যাওয়ার সময় থেকেই অব্যবস্থার মুখে পড়তে হয় তাঁকে। পার্কিং কর্মীরা তাঁকে কখনও বেসমেন্টে তো কখনও মাল্টিলেভেল পার্কিংয়ে ঘোরাতে থাকেন এবং শেষ পর্যন্ত গাড়ি পার্ক করতে সরাসরি অস্বীকার করেন।
পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি ঘুরিয়ে বেরিয়ে আসার সময় পার্কিংয়ের এক কর্মী গাড়ির উইন্ডশিল্ড বা সামনের কাচ ভাঙার চেষ্টা করেন বলে অভিযোগ। এর প্রতিবাদ জানিয়ে অমিত গাড়ি থেকে নামতেই ওই কর্মী তাঁর ওপর চড়াও হয় এবং লোহার রড দিয়ে পরপর আঘাত করে। আকস্মিক এই হামলায় তাঁর বাঁ হাত ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে।
আহত প্রাক্তন সেনা অফিসারের অভিযোগ, হামলার সময় তাঁর জামাকাপড় রক্তে ভেসে যায়। ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তারক্ষী ও অন্য কর্মীরা নীরব দর্শকের ভূমিকা পালন করেন, কেউ তাঁকে বাঁচাতে এগিয়ে আসেননি। এমনকি পুলিশ হেল্পলাইনে ফোন করেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাঁকে। পরবর্তীতে এক রেস্তোরাঁর শেফের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাঁর কনুইয়ে অস্ত্রোপচার করে প্লেট বসানো হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পাশাপাশি, হাসপাতালের প্রাথমিক চিকিৎসাসংক্রান্ত নথিতে (এমএলসি) মাথার আঘাত ও রক্তপাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি এড়িয়ে যাওয়া হয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন আক্রান্ত বিমানসেনা আধিকারিক। বর্তমানে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।



