এশিয়ান গেমসে জোড়া সোনা মোনার, প্রথম ভারতীয় হিসেবে গড়লেন ইতিহাস

Spread the news

২৪ অক্টোবর : প্যারা এশিয়ান গেমসে শুক্রবার ছিল ভারতীয় ক্রীড়াবীদদের খুশির দিন। সব ইভেন্ট মিলিয়ে ২৬টি পদক জিতলেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা। এর মধ্যে সাতটি সোনা। সেই সুবাদে দেশের মোট পদক সংখ্যা হল ৮৮। এর মধ্যে ২১টি সোনা, ২৬টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ। চীন, জাপান ও উজবেকিস্তানের পরেই চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। এদিন দু’ঘণ্টার ব্যবধানে জোড়া সোনা জিতে সাড়া ফেলে দিলেন শীতল দেবী। হাত নয়, তিরন্দাজিতে পা দিয়েই লক্ষ্যভেদ করে দেশের নাম উজ্জ্বল করেন মহিলা তিরন্দাজ। প্রথমে মিক্সড কম্পাউন্ড ইভেন্ট, তারপর ব্যক্তিগত ইভেন্টেও সোনা জেতেন তিনি। দুরন্ত পারফরম্যান্স মেলে ধরলেন অ্যাথলিট ধর্মরাজ সোলাইরাজ। লং জাম্পে ৭.১৫ মিটার লাফিয়ে সোনার পাশাপাশি এশিয়াড রেকর্ডও গড়েন তিনি। হাই জাম্পে পোডিয়াম ফিনিশ করলেন শৈলেশ কুমার।

পুরুষদের ৪০০ মিটার দৌড়ে সোনা জিতলেন দিলীপ গাভিত। তবে এসবের মধ্যে খারাপ খবর ভাবিকুমার ভারওয়াদের জন্য। একই ইভেন্টে দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জেতেন তিনি। কিন্তু বাকি প্রতিদ্বন্দ্বীরা তাঁর বিরুদ্ধে ট্র্যাক ভাঙার অভিযোগ তোলেন। অ্যাকশান রিপ্লেতে অভিযোগ সঠিক প্রমাণিত হওয়ায় তাঁর রুপো কেড়ে নেওয়া হয়।

এ দিকে, এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ দুরন্ত ছন্দে মোনা আগরওয়াল। সোনালি সাফল্যের ধারা বজায় রাখলেন তিনি। ১৯ অক্টোবর ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি। শুক্রবার ফের জিতলেন সোনা। মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস SH1 বিভাগে বিশ্বরেকর্ড গড়ে সোনার পদক পেলেন ভারতের এই মহিলা প্যারা শুটার। চলতি এশিয়াডে এটি তাঁর দ্বিতীয় সোনা। এর ফলে গড়ে ফেললেন এক নয়া রেকর্ড। প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান গেমসে ৫০ মিটার রাইফেলে তিনটি পজিশনেই সোনা জিতলেন মোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *