বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চমাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আগামীকাল, রবিবার অনুষ্ঠিত হতে চলেছে সুশান্তরঞ্জন দত্ত ও স্বপন কুমার বর্মণ স্মৃতি মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর মেগা ফাইনাল। ফাইনালে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল জামালপুর এফসি ও ইসলামাবাদ এফসি। ফলে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন ফুটবলপ্রেমীরা।
শনিবার বিকেলে ফাইনালিস্ট দুই দলের টিম ম্যানেজমেন্ট ও টিম প্রধানদের উপস্থিতিতে চ্যাম্পিয়ন ট্রফির আবরণ উন্মোচন করা হয়। অনুষ্ঠানে মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সীতাংশু দাস চ্যাম্পিয়ন ট্রফির আবরণ উন্মোচন করেন।
সীতাংশু দাস জানান, চ্যাম্পিয়ন দল সুশান্তরঞ্জন দত্ত মেমোরিয়াল ট্রফির পাশাপাশি নগদ ৬০ হাজার টাকা পুরস্কার পাবে। রানার্স-আপ দলের জন্য রয়েছে স্বপন কুমার বর্মণ মেমোরিয়াল ট্রফি এবং নগদ ৪০ হাজার টাকা।
ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিলচর লোকসভা সমষ্টির সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ ও সুস্মিতা দেব, ধলাইয়ের বিধায়ক অমিয় কান্তি দাশ, শিলচরের বিধায়ক ডা. রাজদীপ রায়, উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা এবং ধলাইয়ের প্রাক্তন বিধায়ক নীহার রঞ্জন দাসের। এছাড়াও ক্রীড়া ও সামাজিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ফাইনাল ম্যাচের আগে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৩টায় শুরু হবে মূল ম্যাচ। খেলা শেষে থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জমজমাট এই খেলা উপভোগ করতে সকল ফুটবলপ্রেমীকে মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। একইসঙ্গে ম্যাচটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করতে দর্শকদের সহযোগিতাও কামনা করা হয়েছে।



