বিশ্বজিৎ ভট্টাচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে শুক্রবার শহরে দেখা গেল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকদের মিছিল, স্লোগান ও উপস্থিতিতে এদিন মনোনয়ন দাখিল পর্ব হয়ে ওঠে জমজমাট। শাসকদল বিজেপির বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা নিজ নিজ এলাকা থেকে মিছিল করে শিলচর ডিএসএ ময়দানে এসে সমবেত হন। পরে দলের দুই মন্ত্রী, বিধায়ক, নেতা ও কর্মীদের উপস্থিতিতে সেখান থেকে একটি বড় মিছিল শিলচর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছে বিজেপির প্রার্থীরা একে একে তাঁদের মনোনয়নপত্র জমা দেন।
দলীয় সূত্রে জানা যায়, এদিন বিজেপির মোট ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। পাশাপাশি বিজেপির সহযোগী দল অসম গণ পরিষদ (এজিপি)-র চারজন প্রার্থীও মনোনয়ন জমা দেন। ফলে বিজেপি ও এজিপি মিলিয়ে মোট ৪২টি আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করা হয়।
অন্যদিকে, শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকেও এদিন একটি মিছিল বের হয়। দলের মনোনীত ৪২ জন ওয়ার্ড প্রার্থীকে নিয়ে মিছিলটি শিলচর সরকারি উচ্চতর বালক বিদ্যালয়ে পৌঁছায়। পরে কংগ্রেসের প্রার্থীরাও পর্যায়ক্রমে তাঁদের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলের শেষ দিনকে ঘিরে দুই প্রধান রাজনৈতিক শিবিরের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে শহরে দিনভর ছিল উৎসবের আমেজ।



