দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কিং পরিষেবা চালু সহ বিভিন্ন দাবিতে শিলচরেও ধর্মঘট পালন করেন ব্যাঙ্ক কর্মীরা। শুক্রবার ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের আহ্বানে সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরেও সর্বভারতীয় ব্যাঙ্ক ধর্মঘট পালিত হয়েছে। ধর্মঘটে শিলচরের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও অন্যান্য ব্যাঙ্কের কর্মী ও আধিকারিকরা সক্রিয়ভাবে অংশ নেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব বরোদা, ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব ইন্ডিয়াসহ একাধিক ব্যাঙ্কের কর্মীরা আন্দোলনে সামিল হন।
ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে উত্থাপিত বিভিন্ন দাবি দ্রুত নিষ্পত্তি এবং কর্মীদের জন্য ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন নীতি প্রণয়নের দাবিতেই এই আন্দোলন। বিশেষ করে সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কিং পরিষেবা চালুর দাবি দীর্ঘদিন ধরে জানানো হলেও তা কার্যকর না হওয়ায় কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে বলে সংগঠনগুলির দাবি।
এদিন আন্দোলনকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আলোচনার মাধ্যমে দাবিগুলি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান। পাশাপাশি কর্মীস্বার্থবিরোধী যে কোনও একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে ভবিষ্যতে আরও বৃহত্তর ও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বার্তাও দেন তাঁরা।



