নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে প্রার্থী দেবাশিস শর্মা! জেলা আয়ুক্তের পদ থেকে স্বেচ্ছায় অবসর

Spread the news

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : জেলা প্রশাসনের প্রধানের দায়িত্ব পালন করার পাশাপাশি সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে মানবসেবায় নিয়োজিত থাকা আইএএস কর্মকর্তা দেবাশিস শর্মা হঠাৎ চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অসম সরকারের কাছে স্বেচ্ছায় অবসরের আবেদন জানানোর পর বৃহস্পতিবার সরকার নগাঁওয়ের জেলা আয়ুক্তের দায়িত্বে থাকা আইএএস কর্মকর্তা দেবাশিস শর্মার আবেদন গ্রহণ করেছে।

চাকরি জীবন থেকে অবসর নেওয়ার এখনও ছয় মাস বাকি থাকতেই জেলা আয়ুক্ত দেবাশিস শর্মার হঠাৎ স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘিরে সর্বত্র ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

দেবাশিস শর্মার স্বেচ্ছায় অবসর নেওয়ার খবর হঠাৎই সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও অত্যন্ত দক্ষ দেবাশিস শর্মা। বিভিন্ন সময়ে তাঁকে হাতে গিটার নিয়ে গান পরিবেশন করতে দেখা যায়। এছাড়াও সাধারণ মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে প্রকাশ্য অনুষ্ঠানে কিংবা সামাজিক মাধ্যমে তিনি নানা পরামর্শ দিয়ে থাকেন।

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে নগাঁও লোকসভা আসন থেকে কংগ্রেসের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন প্রদ্যুৎ বরদলৈ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কয়েকদিন আগে তিনি দলত্যাগ করে বিজেপিতে যোগ দেন। পরে গেরুয়া দলের প্রার্থী হিসেবে দিসপুর বিধানসভা আসন থেকে বিধায়ক নির্বাচিত হন বরদলৈ। এরপরই নগাঁও লোকসভা আসনে উপনির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

ইতিমধ্যেই উপনির্বাচনকে ঘিরে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। শাসক ও বিরোধী দলগুলি উপনির্বাচন নিয়ে তৎপরতা শুরু করার সময়েই নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে জেলা আয়ুক্ত দেবাশিস শর্মার নাম জোরালোভাবে আলোচনায় এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *