ক্ষেত্রীতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : ক্ষেত্রীতে সংঘটিত ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। রবিবার ২৭ নম্বর জাতীয় সড়কে একটি গর্তের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নগাঁও থেকে গুয়াহাটির দিকে আসছিল AS-01HC-0716 নম্বরের একটি যাত্রীবাহী ট্রাভেলার। জাতীয় সড়কের একটি গর্তে গাড়িটি পড়ে যাওয়ার পর একটি টায়ার ফেটে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাভেলারটি ডিভাইডার টপকে বিপরীত লেনে চলে যায় এবং একটি মালবাহী ট্রাকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ট্রাভেলারটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ গাড়ির ভিতরেই আটকে ছিলেন যাত্রীরা। পরে এক্সকাভেটরের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে তাঁদের উদ্ধার করা হয়। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ দিকে, এ দুর্ঘটনায় নিহত হয়েছেন মরিগাঁওয়ের অনিমা ডেকা বরদলৈ। রাখিবন্ধন উপলক্ষে বাড়িতে আসা দুই ভাতিজাকে তাঁদের বাড়িতে পৌঁছে দিতে যাওয়ার সময়ই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গেছে, গাড়িতে ওঠার আগে শেষবারের মতো স্বামীর সঙ্গে কথা বলেছিলেন অনিমা। এরপরই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। অনিমার মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিহতরা হলেন ইদ্রিস আলি (উলুবাড়ি),  অনিমা ডেকা বরদলৈ (লাহরিঘাট), জ্যোতিকা রংহাং (গুয়াহাটি), ইনসান আলি (পালকাটা), প্রশান্ত ফুকন (জাগিরোড), খালাসি তফিকুল আলি (কাহিকুছি) ও চালক গোপাল দাস (জাগীরোড)। দুর্ঘটনার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *