জাটিঙ্গা নদীতে নিখোঁজ শিলচরের যুবক, উদ্ধার অভিযান অব্যাহত

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : বড়খলা থানা এলাকার বান্দরখাল দুরবীন টিলা সংলগ্ন জাটিঙ্গা নদীতে স্নান করতে নেমে স্রোতের জলে তলিয়ে গেলেন শিলচরের এক যুবক। নিখোঁজ যুবকের নাম নিতাই দাস ওরফে ভিকি। তিনি শিলচর ন্যাশনাল হাইওয়ে এলাকার বাসিন্দা বারীন্দ্র দাসের ছেলে। ঘটনাটি ঘটে শনিবার বিকেলে। জানা গেছে, নিতাই দাস নিজের অটোতে যাত্রী নিয়ে বান্দরখাল দুরবীন টিলা এলাকায় যান। সেখানে জাটিঙ্গা নদীতে স্নান করতে নামার পর আচমকাই পা পিছলে গভীর জলে পড়ে যান তিনি। নদীতে প্রবল স্রোত থাকায় মুহূর্তের মধ্যেই স্রোতের টানে তলিয়ে যান।

ঘটনাটি প্রত্যক্ষ করে তাঁর সঙ্গে থাকা লোকজন চিৎকার করে সাহায্যের জন্য এগিয়ে আসেন। তাঁকে উদ্ধারের জন্য কয়েকজন জলে নেমেও চেষ্টা চালান। কিন্তু নদীতে স্রোত তীব্র থাকায় নিতাই দাসের কোনও সন্ধান পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত বড়খলা থানায় বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ও এসডিআরএফের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ যুবকের সন্ধানে জাটিঙ্গা নদীর পাশাপাশি দেবী নালা ও সংলগ্ন বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

রবিবারও পুলিশ ও এসডিআরএফের সদস্যরা দীর্ঘক্ষণ ধরে উদ্ধার অভিযান চালালেও এখনও পর্যন্ত নিতাই দাসের কোনো সন্ধান মেলেনি। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও যুবকের খোঁজ না মেলায় উদ্বেগে রয়েছে তাঁর পরিবার। এই মর্মান্তিক ঘটনায় নিতাই দাসের পরিবার-পরিজন ও শিলচর ন্যাশনাল হাইওয়ে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *